Pabna World Teachers Day celebrated in various places

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষায় ৬০ বছর, মর্যাদা উন্নয়ন ও আমাদের ভবিষ্যৎ গঠনে অগ্রযাত্রা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পাবনায়ও বিভিন্ন বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি সুসজ্জিত ও বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরবর্তীতে জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবুল হাসনাত মো. শামীম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পাবনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. রুহুল কুদ্দুস, সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল আউয়াল, পাবনা জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আব্দুস সামাদ খান মন্টু এবং জেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকার। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, একটি উন্নত জাতি, মেধাভিত্তিক সমাজ ও নৈতিক মূল্যবোধ গঠনে শিক্ষকদের ভূমিকা অপরিসীম। শিক্ষকরা কেবল শ্রেণিকক্ষে পাঠদানই করেন না, বরং শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমের স্ফূরণ ঘটিয়ে আগামী দিনের দক্ষ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন।

বক্তারা আরও জোর দিয়ে বলেন, একটি সমৃদ্ধ ও সুশিক্ষিত সমাজ গঠনে শিক্ষকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাঁদের সামাজিক মর্যাদা, যথাযথ অধিকার ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। শিক্ষকদের মর্যাদা ও পেশাগত মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে দেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানে রূপ নেবে। তাই ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজের সার্বিক সমর্থনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তাঁরা।

Some more such news

EN