২ কোটি ৮২ লাখ ৮৪ হাজার ২৪৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ছেলে তানভির শাকিল জয়ের বিরুদ্ধে মামলা করার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ মঙ্গলবার (৬ অক্টোবর) দুদকের উপপরিচালক আকতারুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি জানিয়েছেন।
অনুমোদিত মামলার অভিযোগে বলা হয়, তানভির শাকিল জয়ের নামে ৫ কোটি ৬৫ লাখ ৮২ হাজার ৭৮৬ টাকার স্থাবর-অস্থাবর সম্পদ পাওয়া গেছে। এর মধ্যে স্থাবর সম্পদ ২ কোটি ১০ লাখ টাকা এবং অস্থাবর সম্পদ ৩ কোটি ৫৫ লাখ ৮২ হাজার ৭৮৬ টাকা।
দুদকের অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, তানভির শাকিল জয়ের দায়-দেনার পরিমাণ ১ কোটি ৩ লাখ ১৬ হাজার ৮৮০ টাকা। দায় বাদ দেওয়ার পর নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৪ কোটি ৬২ লাখ ৬৫ হাজার ৯০৬ টাকা। অন্যদিকে আয়কর নথি পর্যালোচনায় তার গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে ৪ কোটি ২৫ লাখ ৬২ হাজার ২৩২ টাকা। ওই সময়ে তার ব্যয় হয়েছে ২ কোটি ৪৫ লাখ ৮০ হাজার ৫৭৫ টাকা। ফলে ব্যয় বাদে নিট আয় দাঁড়ায় ১ কোটি ৭৯ লাখ ৮১ হাজার ৬৫৭ টাকা।
