বিএসএফের ককটেল ও শর্টগানের গুলিতে দুই ভারতীয় নাগরিক আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ পাহারায় তাদের চিকিৎসা চলছে।
আহত ব্যক্তিরা হলেন, ভারতের আসাম রাজ্যের সুখচর থানার দক্ষিণ সালমারা মাইনকার চর বড়বালু গ্রামের ইসমাইল হোসেন (৩৫) ও খাজা আব্দুল আলীম (৩৯)।
বিজিবি, পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে আসামের নারায়ণপুর স্থলবন্দর এলাকায় গরু পারাপারের সময় ইসমাইল ও আলীমকে লক্ষ্য করে বিএসএফ ককটেল ও শর্টগানের গুলি ছোড়ে। এতে তারা গুরুতর আহত হন।
পরে বিএসএফ সদস্যরা তাদের বাংলাদেশি ভেবে কুড়িগ্রামের উলিপুর উপজেলার সীমান্তবর্তী একটি চর এলাকায় ফেলে রেখে যায় বলে জানা গেছে। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে সোমবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তারা হাসপাতালের ১৫ নম্বর ওয়ার্ডের সার্জারি বিভাগে চিকিৎসাধীন।
রংপুর বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল রুবায়েত বলেন, বিএসএফের গুলিতে আহত দুই ভারতীয় নাগরিক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী বলেন, দুই ভারতীয় নাগরিক পুলিশ পাহারায় হাসপাতালে চিকিৎসাধীন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা করা হয়েছে।
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশিকুর রহমান বলেন, আহত দুজনের অবস্থা আশঙ্কামুক্ত। তাদের চিকিৎসা চলছে।
বিডি-প্রতিদিন/এআইএস
