প্যারিসে মঙ্গলবার এক স্কুল সহকারীর বিচার শুরু হতে যাচ্ছে, যার বিরুদ্ধে তার তত্ত্বাবধানে থাকা ছোট শিশুদের যৌন নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এটি গত এক বছর ধরে চলা একটি বড় কেলেঙ্কারির সর্বশেষ ঘটনা, যা ফ্রান্সের রাজধানীর স্কুল ব্যবস্থাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে।সেখানে প্রায় ১৫ হাজার ‘অ্যানিমেটর’ নামে পরিচিত সহকারী বিভিন্ন স্কুলে কর্মরত আছেন।
এসব তথ্য বিবিসির প্রতিবেদনে উঠে এসেছে।
বর্তমানে প্যারিসের প্রায় ১০০টি ক্রেশ, কিন্ডারগার্টেন ও জুনিয়র স্কুলে তদন্ত চলছে, যেখানে এসব অ্যানিমেটরদের বিরুদ্ধে অনুপযুক্ত, আক্রমণাত্মক ও যৌন আচরণের অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে গ্রীষ্মকালে আরো তিনটি মামলার বিচার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।পাশাপাশি এই মাসের শুরুতে হওয়া আরেকটি মামলার রায় শিগগিরই ঘোষণা করা হবে। ভবিষ্যতে আরো মামলা সামনে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
গত সপ্তাহে পুলিশের অভিযানে প্যারিসের ৭ম অ্যারোন্ডিসমেন্টের তিনটি স্কুলে অভিযান চালিয়ে ১৬ জনকে আটক করা হয়। পরে তাদের মধ্যে তিনজনের বিরুদ্ধে শিশুদের প্রতি যৌন অনুপযুক্ত আচরণের অভিযোগ আনা হয়।
