মার্কিন কর্মকর্তাদের ওপর ইসরাইলি নজরদারির আশঙ্কা

মার্কিন কর্মকর্তাদের লক্ষ্য করে ইসরাইলের ক্রমবর্ধমান ও আগ্রাসী গুপ্তচরবৃত্তির আশঙ্কায় দেশটির বিরুদ্ধে কাউন্টার-ইন্টেলিজেন্স বা প্রতি-গোয়েন্দা হুমকির মাত্রা সর্বোচ্চ স্তরে উন্নীত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের এক প্রতিবেদনে শুক্রবার (৫ জুন) এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে।

দুইজন বর্তমান এবং একজন সাবেক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি (ডিআইএ) সাম্প্রতিক সপ্তাহগুলোতে এই নতুন মূল্যায়ন জারি করেছে।

এর মাধ্যমে ইসরাইলের হুমকি সংক্রান্ত সূচকটিকে ‘ক্রিটিক্যাল’ বা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ হিসেবে নির্ধারণ করা হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ আলোচনা ও সিদ্ধান্তগুলো আগেভাগে জানার জন্য ইসরাইল বিশেষ তৎপরতা চালাচ্ছে। মূলত জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তাদের ওপর নজরদারি জোরদার করার ইসরায়েলি প্রচেষ্টাকে কেন্দ্র করেই পেন্টাগন এই পদক্ষেপ নিয়েছে।

বর্তমান কর্মকর্তারা জানান, ডিআইএ-এর এই নতুন মূল্যায়নে সাত পৃষ্ঠার একটি গোপন নথি অন্তর্ভুক্ত রয়েছে। সেখানে এমন কিছু সুনির্দিষ্ট ঘটনার উল্লেখ রয়েছে যা যুক্তরাষ্ট্রের উদ্বেগ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। ইরান যুদ্ধ এবং লেবাননে ইসরাইলি সামরিক অভিযান নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে সাম্প্রতিক মতবিরোধের আবহেই এই উচ্চ সতর্কতা জারি করা হলো।

গত সপ্তাহেই দুই নেতার মধ্যে অত্যন্ত উত্তপ্ত ফোনালাপ হয়েছে বলে জানা গেছে। মার্কিন কর্মকর্তাদের মতে, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান পুনরায় শুরু করবে নাকি আলোচনার মাধ্যমে যুদ্ধের অবসান ঘটাবে—সে বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পেতে চরম উদগ্রীব হয়ে আছে ইসরায়েল।

এ ধরণের আরো কিছু খবর

  • কোটচাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ

  • তিয়েনআনমেন স্কয়ারে কী ঘটেছিল?

  • বিজেপির মঞ্চে যশ, দলে ফিরছেন অভিনেতা?

BN