CCT is now going to foreign operators

চট্টগ্রাম বন্দরের প্রধান কনটেইনার টার্মিনাল এনসিটির পর এবার অপর গুরুত্বপূর্ণ টার্মিনাল চিটাগং কনটেইনার টার্মিনাল (সিসিটি) পরিচালনার দায়িত্বও বিদেশি প্রতিষ্ঠানকে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। সৌদি আরবভিত্তিক রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই) সিসিটি দেওয়ার প্রক্রিয়া শুরু করতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে নৌপরিবহন মন্ত্রণালয়। গত ২৮ সেপ্টেম্বর নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ফারজানা হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে। চিঠিতে আরও বলা হয়, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সিসিটি ও জেনারেল কার্গো বার্থ (জিসিবি) এবং বে পোর্ট-মাল্টিপারপাস টার্মিনাল প্রকল্প সরকারি-বেসরকারি অংশীদারিত্বের (পিপিপি) পদ্ধতিতে বাস্তবায়নের বিষয়ে বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান রেড সি        গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনাল (আরএসজিটিআই) আগ্রহ প্রকাশ করেছে। তবে সিসিটি ইজারা নিয়ে মন্ত্রণালয় থেকে কোনো চিঠি পাঠানোর বিষয়ে অবগত নন বলে জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম।

দেশের প্রধান সমুদ্রবন্দরের মূল টার্মিনালগুলোর ব্যবস্থাপনা বিদেশি অপারেটরদের কাছে হস্তান্তরের উদ্যোগের বিরোধিতা করে আসছে বন্দর রক্ষা কমিটি, চট্টগ্রাম বন্দর রক্ষা পরিষদ ও স্কপসহ কয়েকটি শ্রমিক সংগঠন। বেশ কিছুদিন ধরে এনসিটি ইজারা প্রক্রিয়া বন্ধের দাবি জানিয়ে আসা এসব সংগঠন এখন সিসিটি নিয়েও সোচ্চার। তাদের অভিযোগ, দেশের বৈদেশিক বাণিজ্যের সিংহভাগ নিয়ন্ত্রণকারী মূল টার্মিনালগুলোর ব্যবস্থাপনা বিদেশি প্রতিষ্ঠানের হাতে চলে গেলে দেশের কৌশলগত ও অর্থনৈতিক নিরাপত্তা দীর্ঘমেয়াদে ঝুঁকির মুখে পড়তে পারে। বন্দর রক্ষা কমিটির সদস্যসচিব ফজলুল কবির মিন্টু বলেন, এনসিটি নিয়ে বিরোধিতার মধ্যেই সরকার সিসিটি-ও বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। দুটোই চালু টার্মিনাল। প্রতি বছর হ্যান্ডলিং টার্গেট পূরণ করছে। কখনো কখনো রেকর্ডও গড়ছে। নিজেদের অর্থে নির্মিত স্বয়ংসম্পূর্ণ এসব টার্মিনাল কেন বিদেশিদের হাতে তুলে দিতে হবে তা আমাদের বোধগম্য নয়। সরকার শ্রমিক বা স্টেকহোল্ডার কারও সঙ্গে কোনো আলোচনা ছাড়াই একের এক টার্মিনাল বিদেশিদের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে। তবে বন্দর কর্তৃপক্ষ ও সরকারের তরফে এর আগে বিভিন্ন সময় বলা হয়েছে, বন্দরের কার্যকারিতা বৃদ্ধি, আধুনিক কনটেইনার হ্যান্ডলিং প্রযুক্তি সংযোজন এবং আন্তর্জাতিক বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকার লক্ষ্যে বিশ্বমানের অপারেটরদের যুক্ত করা হচ্ছে। এতে প্রাধান্য দেওয়া হচ্ছে দেশের স্বার্থ। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১ অক্টোবর নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছর মেয়াদে আন্তর্জাতিক অপারেটরের হাতে দেওয়ার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায়। এত দিন এই টার্মিনাল দেশীয় ব্যবস্থাপনায় পরিচালিত হয়ে আসছিল। এনসিটির পর এবার সিসিটি পরিচালনায়ও বিদেশি প্রতিষ্ঠান নিয়োগের প্রক্রিয়া জোরালো হয়েছে।

Some more such news

  • The fastest goal record is

  • The future of Dhaka housing is green and safe

  • Recommended quick action to resolve the energy crisis

EN