The power department has ordered round-the-clock supervision of uninterrupted power supply during Eid

ঈদ উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে মাঠপর্যায়ে কর্মকর্তাদের সার্বক্ষণিক তদারকির নির্দেশনা জারি করেছে বিদ্যুৎ বিভাগ। সংশ্লিষ্ট কর্মকদের নিজ নিজ এলাকায় থেকে গ্রাহকপর্যায়ে বিদ্যুতের পরিস্থিতি পর্যবেক্ষণ এবং নিয়মিত বিদ্যুৎ বিভাগকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে

বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানান, গ্রীষ্মকালীন চাহিদা মোকাবিলায় উৎপাদন ও সরবরাহের মধ্যে সমন্বয় রেখে শহর ও গ্রামে সমতার ভিত্তিতে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। বিশেষ করে আসন্ন ঈদকে সামনে রেখে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় রাখতে কর্মকর্তাদের স্থানীয় বিদ্যুৎ অফিস পরিদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

কোন কর্মকর্তা কোন এলাকায় দায়িত্ব পালন করবেন, তার তালিকাও ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। মাঠপর্যায়ের প্রতিবেদনের ভিত্তিতে প্রয়োজনীয় জরুরি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত ২৩ মে বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘চলতি গ্রীষ্ম মৌসুমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণসহ উৎপাদন ও চাহিদার সঙ্গে সমন্বয় করে সারা দেশে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখার লক্ষ্যে’ আয়োজিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

কর্মকর্তারা আরো জানান, ঈদের ছুটিতে গ্রামীণ এলাকায় লোডশেডিং নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। এ সময় কারখানা বন্ধ থাকায় শহরে বিদ্যুতের চাহিদা তুলনামূলক কম থাকবে।

সারা দেশের ৮০টি পল্লী বিদ্যুৎ সমিতির এলাকায় বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণে নজরদারি জোরদার করা হবে।এসব সমিতির জেনারেল ম্যানেজারদের ফোন নম্বর প্রধানমন্ত্রী, বিদ্যুৎ উপদেষ্টা, বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিদ্যুৎ সচিবের কাছে সরবরাহ করা হয়েছে। সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারাও সরাসরি দেশের বিদ্যুৎ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।

 

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান, সরবরাহজনিত কারণে কোনো এলাকায় সপ্তাহে এক থেকে দুই ঘণ্টা পর্যন্ত লোডশেডিং সহনীয় হিসেবে বিবেচনা করা হলেও প্রতিদিন একই এলাকায় লোডশেডিং মেনে নেওয়া হবে না।

তিনি বলেন, কোনো এলাকায় সঞ্চালন লাইনে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে মেরামতের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

রক্ষণাবেক্ষণ কার্যক্রম বা আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটের ক্ষেত্রে গ্রাহকদের আগাম জানাতে মাইকিং, সামাজিক যোগাযোগমাধ্যম এবং স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের সম্পৃক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Some more such news

  • The fear of districts including Dhaka

  • In a developed Bangladesh, the child should be ensured safe life

  • injudicious Hawker Rehabilitation May Resist the Problem: IPD

EN