জাতির উদ্দেশে বিদায়ী ভাষণ দিচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তরের আগমুহূর্তে আজ সোমবার রাতে জাতির উদ্দেশে ভাষণ দেন তিনি। ভাষণটি শুরু হয় রাত ৯টা ১৫ মিনিটে।
প্রধান উপদেষ্টার দপ্তর জানিয়েছে, তাঁর এই ভাষণ রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যমে প্রচার করা হবে। এর আগে ১০ ফ্রেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের দুই দিন আগে জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন প্রধান উপদেষ্টা।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেন নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস। এই সরকারের তত্ত্বাবধানে ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ নির্বাচনে বড় জয় পেয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি।
আগামীকাল মঙ্গলবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দাক্ষিণ প্লাজায় নতুন সরকারের মন্ত্রিসভার শপথ হবে। এর মধ্যে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সমাপ্তি ঘটবে।
গত মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে জাতীয় নির্বাচনে উৎসবমুখর পরিবেশে দ্বিধাহীন চিত্তে ভোট দেওয়ার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচন হয়ে গেলে নির্বাচিত সরকার দ্রুত দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্য দিয়ে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব।
তিনি বলেছিলেন, আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে এবং গৌরবের সঙ্গে নবনির্বাচিত সরকারের কাছে দায়িত্ব অর্পণ করে, তাদের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করে বিদায় নিয়ে নিজ নিজ কাজে ফিরে যাব। আমরা এই শুভ মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।
প্রধান উপদেষ্টা আরও বলেছিলেন, একটি চিহ্নিত মহল পরিকল্পিতভাবে গুজব ও অপতথ্য ছড়িয়ে নাগরিকদের মনে সন্দেহ, ভয় ও বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। তাদের উদ্দেশ্য একটাই– নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা, জনগণের আস্থাকে দুর্বল করা।
